সনি’র পরিবেশক স্মার্ট টেকনলোজি

২৬ নভেম্বর, ২০২১ ২২:৫৭  
বাংলাদেশে জাপানি সনি ব্র্যান্ডের অফিসিয়াল পরিবেশক মনোনীত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনলোজি। শুক্রবার বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনার গাঁও হোটেলের সুরমা হলে এই ঘোষণা দেয়া হয়। এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ভার্চুয়ালি যুক্ত হয়ে সনি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বাজার উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট আতসুশি এন্ডো এই ঘোষণা দিয়েছেন। এসময় ডাক ও টিলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারও অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে আইসিটি খাতের অগ্রযাত্রায় পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজার তৈরি এবং গ্রাহকসেবা নিশ্চিতে অসাধারণ ভূমিকা পালন করেছে স্মার্ট টেকনোলজি। তাই সনি এই প্রতিষ্ঠানটিকে তাদের প্রতিনিধি নির্বাচন করে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। এসময় সনিকে বাংলাদেশে পণ্য উৎপাদন কারখানা স্থাপনের আহ্বানও জানান মোস্তাফা জব্বার। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দ্রুত সময়ের মধ্যে মেধাস্বত্ত্ব আইন বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। দেশে কম্পিউটারসহ ডিজিটাল প্রযুক্তি বিকাশে প্রধান মন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন এরই ধারাবাহিকতায় গত ১৩ বছরের বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। সনি’র পক্ষ থেকে দেয়া ঘোষণাকে স্বাগত জানিয়ে সনি এবং স্মার্ট টেকনোলজির মধ্যে এই যৌথ ব্যবসায়িক অংশীদারিত্ব বাংলাদেশে প্রযুক্তিগত এবং ভোক্তা ইলেকট্রনিক্স মার্কেটিং এবং পরিষেবাগুলিকে আপগ্রেড করার জন্য একটি উপযুক্ত এবং সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন অনুষ্ঠানের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, জাপানি উদ্যোক্তারা এদেশে আসছে, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ -এর সেবার উপর বিশ্বাস করে, আস্থা রাখে এবং বিপণন ও প্রতিশ্রুতিতে নির্ভর করে। স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ আরও এগিয়ে যাবে, সনি কর্পোরেশন, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ -কে আরও গতিশীল করবে, দেশে সনি’র ম্যানুফেক্চারিং প্লান্ট স্থাপন করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, সারা বিশ্বে আমাদের গর্বের দেশ হবে বাংলাদেশ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বক্তব্যের সূত্র ধরে শিল্পমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের সুরক্ষায় মেধাস্বত্ত্ব আইন চূড়ান্ত করতে সব প্রস্তুতি শেষ। দ্রুত সময়ের মধ্যে এই আইন অনুমোদন পাবে। স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সভাপতি মোহাম্মদ শহীদ-উল মনির ও স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-এর একজন লাইফটাইম কাস্টমার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার। বর্তমানে বিশ্বের প্রায় ৬০ থেকে ৬৫টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে সনি।